|
সততায় পারবেন না প্রধানমন্ত্রী
মাহমুদুর রহমান |
|
নানারকম প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সব অর্থে সততা এবং দায়িত্ববোধ নিয়েই আমরা সম্মিলিতভাবে আমার দেশ পত্রিকাটি বের করি। পত্রিকা পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলার ওপর জোর দেয়া হলেও সেটা এখানে কর্মরত সাংবাদিকদের মধ্যকার ব্যক্তিগত সুসম্পর্ক এবং সার্বিক পেশাদারিত্বকে অদ্যাবধি প্রভাবিত করতে পারেনি। একাধারে বোর্ড চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বিবিধ দায়িত্ব পালন করলেও সেই বাস্তবতা আমার সঙ্গে সকল স্তরের সাংবাদিক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নিঃসঙ্কোচ মতবিনিময়ে সচরাচর কোনোরকম বাধার সৃষ্টি করে না। তারপরও, ৬ ফেব্রুয়ারি সকালে একজন সিনিয়র রিপোর্টার টেলিফোনে পেশাদারী সাংবাদিকের ভাষাতেই আমারই বিরুদ্ধে সরকারি অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য চাইলে খানিকটা আশ্চর্য হইনি বললে মিথ্যাচার করা হবে। তার ওপর সাংবাদিকদের ওপর বর্তমান সরকারের নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত রাজশাহীর সভা শেষে গভীর রাতে সড়কপথে ঢাকায় ফেরার কারণে কিছুটা ক্লান্তও ছিলাম। সহকর্মী সাংবাদিককে বিকালে সরকারি অভিযোগের তথ্য-প্রমাণসহ সংবাদপত্রের অফিসে এসে সাক্ষাত্কার নিতে বলে তখনকার মতো আলোচনায় ইতি টানলাম। বিকাল পর্যন্ত বেশ কৌতূহল নিয়েই কাগজপত্র দেখার জন্য যে অপেক্ষা করছিলাম সেটা বলাই বাহুল্য। যথাসময়ে সহকর্মী সাংবাদিক যে অভিযোগের ফিরিস্তি নিয়ে হাজির হলেনতার মিথ্যাচার, শিষ্টাচারবহির্ভূত বাক্য প্রয়োগ এবং আইনি দুর্বলতার নমুনায় সম্ভবত সম্পূর্ণ অন্ধ আওয়ামী সমর্থকও একাধারে হতাশা এবং কৌতুক অনুভব না করে পারবেন না। আমার অবশ্য স্বয়ং প্রধানমন্ত্রীর জন্য করুণা হচ্ছিল। বেসরকারি খাতে এবং সরকারি দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতায় প্রধানমন্ত্রীকে জোরের সঙ্গে বলতে পারি, এই কিসিমের অপদার্থ এবং মূর্খ আমলাশ্রেণী নিয়ে রাষ্ট্র তো দূরের কথা একটা মুদি দোকান চালানোও সম্ভব নয়। বুঝলাম, অন্ধ দলীয়করণের কুপ্রভাব কেমন করে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে এক বছরের মধ্যেই অকার্যকর করে তুলেছে। আরও একটি সন্দেহ আমার মনে ক্রমেই দৃঢ় হচ্ছে। এতদিন আমরা জানতাম জেনারেল মইন তার ভারত সফরকালে ছয়টি ঘোড়া সেখান থেকে উপহার হিসেবে নিয়ে এসেছিলেন। এখন সন্দেহ হচ্ছে, ওগুলো প্রকৃতপক্ষে গাধা ছিল এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এই প্রকার মিথ্যা অভিযোগপত্র দায়েরে সেগুলোই বোধহয় এখন মুখ্য ভূমিকা পালন করছে। পাঠককে আর কৌতূহলের মধ্যে না রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক কথিত উত্তরা ষড়যন্ত্রের পুরনো কাসুন্দি ছাড়া আমার বিরুদ্ধে নতুন করে উত্থাপিত ছয়টি কল্পনাপ্রসূত দুর্নীতির অভিযোগের ফিরিস্তি পেশ করা যাক :
এক. মাহমুদুর রহমান একজন উচ্চাভিলাষী, চতুর ও ধূর্ত প্রকৃতির ব্যক্তি। তিনি তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য কর্মজীবনের শুরু থেকেই সক্রিয় রয়েছেন।
দুই. মুন্নু সিরামিকে কর্মরত ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানকে বেসরকারি খাত থেকে এনে প্রথমে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং পরে জ্বালানি উপদেষ্টা পদে নিয়োগ দেয়া সংক্রান্ত দুর্নীতি।
তিন. বিনিয়োগ বোর্ডের কথিত একটি জরিপ রিপোর্ট পাঁচ মাস বিলম্বে প্রকাশ করায় দুর্নীতি।
চার. ফুলবাড়িয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি।
পাঁচ. ফিরোজা মাহমুদের মালিকানাধীন ক্ল্যাসিক মেলামাইন ইন্ডাস্ট্রিজের অনুকূলে জনতা ব্যাংক থেকে গৃহীত ঋণের রিশিডিউল করার মাধ্যমে দুর্নীতি।
ছয়. বিনিয়োগ বোর্ডে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস পাওয়া সংক্রান্ত দুর্নীতি এবং সেই সময়ের কথিত অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ সংক্রান্ত দুর্নীতি।
উপরিল্লিখিত বিশাল দুর্নীতির কাহিনী সংবলিত একটি পত্র মন্ত্রিপরিষদ সচিব এবং সংস্থাপন সচিব বরাবরে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-২ পদে কর্মরত জনৈক কবির বিন আনোয়ার। পত্রটি ২২.০৯.১.০.০.২৪.২০০৯ (অংশ-৮)-৩৫ স্মারকে ১৯-১-২০১০ তারিখে প্রেরণ করা হয়েছে। কাকতালীয়ভাবে ওই তারিখেই বর্তমান জ্বালানি উপদেষ্টা জনাব তৌফিক-ই-এলাহী সংবিধানে প্রদত্ত মৌলিক আধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে আমার বিরুদ্ধে একই অভিযোগে ২৫তম মানহানি মামলাটি দায়ের করেছেন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেই মামলা আমলে নিয়ে সমনও জারি করেছেন। বুঝলাম, ওপরের নির্দেশে যে কোনো উপায়ে মাহমুদুর রহমানকে জেলে পোরার জন্যই প্রশাসনের এই প্রকার বালখিল্য আচরণ। আমি মন্ত্রিপরিষদ বিভাগ অথবা সংস্থাপন সচিব হলে এই পত্র প্রাপ্তির পর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে শুধু পরিচালক-২ নয়, এই পত্র প্রেরন প্রক্রিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যেসব কর্মকর্তা জড়িত তাদের চাকরিচ্যুতি তো বটেই, তার সঙ্গে রাষ্ট্রের খরচে মানসিক চিকিত্সা করানোরও পরামর্শ দিতাম। ডিজিটাল সরকারের সচিবদ্বয় কী করবেন সেটি অবশ্য তাদের বিবেচনা।
এবার জনতার আদালতে আমার জবাব দেয়ার পালা। অভিযোগ যেখানে গুরুতর, জবাবও দীর্ঘ না করে উপায় নেই। পাঠকের ধৈর্যচ্যুতি ঘটানোর অপরাধে আগেভাগেই ক্ষমা চেয়ে রাখছি। প্রথম অভিযোগে আমাকে ধূর্ত, চতুর এবং উচ্চাভিলাষীরূপে বর্ণনা করা হয়েছে। এই অভিযোগের জবাব দিতে আমার রুচিতে বাধে। কুরুচিপূর্ণ গালাগালের জবাব দেয়ার শিক্ষা আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আইবিএ এবং বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লাভ করিনি। কেবল প্রথম অভিযোগই নয়, প্রকৃতপক্ষে সম্পূর্ণ গোপনীয় প্রতিবেদনটি ব্যক্তিগত আক্রমণ এবং অশোভন বাক্যে পরিপূর্ণ। অবশ্য, স্বয়ং প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, সরকারদলীয় সংসদ সদস্যবৃন্দ সম্প্রতি যে ভাষায় কথা বলছেন তাতে তাদেরই অধস্তনদের কাছ থেকে এর চেয়ে মার্জিত কোনো আচরণ আশা করাটাই অসঙ্গত।
দ্বিতীয় অভিযোগ দিয়েই বরঞ্চ আমার জবাব শুরু করা যাক। মুন্নু সিরামিকে আমার চাকরি, সেই প্রতিষ্ঠানের মালিকপক্ষের পরিবারের সঙ্গে আমার বিবাহজনিত সম্পর্ক নিয়ে ব্যক্তিগত আলোচনা কেবল অবান্তরই নয়, বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের নোংরা মানসিকতারই প্রকাশ। বিনিয়োগ বোর্ডে নিযুক্তির সময় আমি মুন্নু সিরামিকে নয়, স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের শাইনপুকুর সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলাম। প্রধানমন্ত্রীর ছোট ভাই মরহুম শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু সালমান রহমানের বেক্সিমকো গ্রুপে ১৯৯৩ সাল থেকে সরকারি দায়িত্ব গ্রহণ পর্যন্ত দীর্ঘ আট বছর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলাম। শাইনপুকুর সিরামিক যে বোন-চায়নার জন্য সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে, সেই প্রযুক্তি জাপান থেকে আমিই এনেছিলাম। সালমান রহমানের প্রতিষ্ঠানে কাজ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার তিনবার সাক্ষাত্ হয়েছে, যা অবশ্য তার স্মরণে থাকার কথা নয়। প্রথমবার প্রবল বর্ষণের মধ্যে তিনি যখন সাভারে বেক্সিমকো ইন্ডািস্ট্রিয়াল পার্ক উদ্বোধন করেছিলেন, দ্বিতীয়বার ঢাকা বাণিজ্য মেলায় শাইনপুকুর সিরামিকের প্যাভিলিয়নে তত্কালীন প্রধানমন্ত্রী যখন পদধূলি দিয়েছিলেন এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইংল্যান্ডের সুবিখ্যাত রয়্যাল ডলটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে শেখ হাসিনা যখন সদয় সাক্ষাত্কার প্রদান করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এসএসএফের দলিল-দস্তাবেজ ঘাঁটলে এসব তথ্য পেয়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী কার্যালয়ের যেসব কর্মকর্তা গলদঘর্ম হয়ে আমার বিরুদ্ধে স্বপ্নেপ্রাপ্ত অভিযোগপত্রটি তৈরি করেছেন, তারাও নিশ্চয়ই এসব তথ্য ভালোভাবেই জানেন। বর্তমান প্রধানমন্ত্রীর অনুজপ্রতিম উপদেষ্টার প্রতিষ্ঠান থেকে এনে খালেদা জিয়া আমাকে বিনিয়োগ বোর্ডের দায়িত্ব দিয়েছিলেন, এটা পরিষ্কার করে উল্লেখ করতে সম্ভবত তারা লজ্জা পেয়েছেন। আমার বিরুদ্ধে প্রণীত প্রতিবেদনের এক স্থানে বলা হয়েছে১৯৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান রহমানের নির্বাচন পরিচালনার দায়িত্বে আমি নাকি ছিলাম। সালমান রহমান ১৯৯১ সালে নয়, ২০০১ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন এবং সেই নির্বাচনের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। আর ১৯৯১ সালে সালমান রহমানের সঙ্গে আমার পরিচয়ই হয়নি। সেই সময় যুক্তরাজ্যের বহুজাতিক কোম্পানি ডানকান ব্রাদার্সের পরিচালক পদে চট্টগ্রামে কর্মরত ছিলাম। বর্তমান সরকার মিথ্যাচারের আর কোনো সীমা রাখবে না বলেই মনে হচ্ছে।
যাই হোক, মুন্নু সিরামিক থেকে ১৯৮৯ সালে পদত্যাগ করে ব্রিটিশ প্রতিষ্ঠান ডানকান ব্রাদার্সে আমার পরিচালক পদে চাকরির কথা দেশের বেসরকারি খাতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ মোটামুটি অবগত আছেন। মুন্নু শিল্প গোষ্ঠীতেও ইঞ্জিনিয়ার নয়, মার্কেটিং এবং অপারেশনস্-এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক পদেই চাকরি করেছি। আরও একটি কথা। বিনিয়োগ বোর্ড, প্রাইভেটাইজেশন বোর্ড, এসএমই ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনার স্বার্থে সাবেক আমলা নয়, আমার ব্যক্তিগত বিবেচনায় বেসরকারি খাতে সফলতা পাওয়া পেশাজীবীদেরই শীর্ষ পদে থাকা উচিত। বর্তমান সরকারও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাবুল ইসলামকে নিয়োগ দিয়ে সঠিক কাজ করেছে। এছাড়াও সরকারের অন্যান্য পদেও উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি খাতের ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। জোট সরকারের আমলে আমার নিয়োগ নিয়ে এখন প্রশ্ন তুললে, একই অপরাধে বর্তমান সরকারপ্রধানকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তৃতীয় অভিযোগ অর্থাত্ বিনিয়োগ বোর্ডের কোনো এক জরিপ কাজে বিলম্ব হওয়াকে যদি দুর্নীতি আখ্যা দেয়া হয় তাহলে স্বাধীনতার পর থেকে দায়িত্ব পালনরত রাষ্ট্রের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেই তদন্ত করতে হবে। বাংলাদেশের একশ ভাগ প্রকল্প অথবা তদন্ত রিপোর্ট অথবা জরিপ কার্য সম্পাদনে কোনো না কোনো পর্যায়ে বিলম্ব হয়েই থাকে। পাঠকের আরও অবগত হওয়া দরকার যে, বিনিয়োগ বোর্ডে আমার দায়িত্ব পালনের আগে বিনিয়োগ সংক্রান্ত জরিপের কোনো পদ্ধতি প্রতিষ্ঠানটিতে ছিলই না। সরাসরি বিদেশি বিনিয়োগ পরিমাপের জরিপ পদ্ধতি প্রথমবারের মতো সেখানে চালু করায় জাতিসংঘভুক্ত প্রতিষ্ঠান আঙ্কটাড (টঘঈঞঅউ) বিনিয়োগ বোর্ডের প্রশংসা করে তাদের বার্ষিক প্রতিবেদনে বিশেষ বক্স রিপোর্ট প্রকাশ করেছিল। ২০০২ এবং ২০০৩ সালের ডড়ত্ষফ ওহাবংঃসবহঃ জবঢ়ড়ত্ঃ-এ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এই কাজের স্বীকৃতি পাওয়া যাবে। এই জরিপ পদ্ধতি চালু করার ফলেই বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ বোর্ডের মধ্যে বিদেশি বিনিয়োগের প্রকৃত পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্ক অনেকাংশে অবসান হয়েছিল। আমার দায়িত্ব গ্রহণের আগে বিনিয়োগ রেজিস্ট্রেশনকেই প্রকৃত বিনিয়োগ হিসেবে দেখানোর একটি সম্পূর্ণ ভুল পদ্ধতি বিনিয়োগ বোর্ডে চালু ছিল। এ ধরনের জরিপ কাজ আমার সময়ে একাধিকবার সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো একটি জরিপ কাজে কয়েক মাস বিলম্ব যদি হয়েও থাকে তবে তার সঙ্গে দুর্নীতির যে কোনো সম্পর্ক নেই, এই সামান্য বিষয়টি যে কর্মকর্তা বোঝেন না তার প্রধানমন্ত্রী কার্যালয় তো দূরের কথা, সরকারের কোথাও চাকরি করার ন্যূনতম যোগ্যতা নেই। আরও একটি তথ্য প্রদান করা আবশ্যক বিবেচনা করছি। বর্তমান সরকার যে ই-গভর্নেন্স নিয়ে এত মাতামাতি করেন, তার প্রথম সফল প্রয়োগ বিনিয়োগ বোর্ডে আমার দায়িত্ব পালনকালীন সময়েই হয়েছিল।
তৃতীয় অভিযোগ ফুলবাড়ী কয়লাখনি সংক্রান্ত। প্রথমেই বলে রাখা ভালো, পত্রে বর্ণিত ফুলবাড়ীয়া নামক কোনো কয়লাখনির অস্তিত্ব বাংলাদেশে নেই। অভিযোগকারী কর্মকর্তা সম্ভবত ফুলবাড়ীকে ফুলবাড়ীয়া উল্লেখ করেছেন। এশিয়া এনার্জি নামক অস্ট্রেলীয় প্রতিষ্ঠানকে মাত্র ৬ শতাংশ রয়্যালটির বিনিময়ে অবাধে কয়লা রফতানির সুযোগ দিয়ে চুক্তি সম্পাদন করা হয়েছিল ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে; যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় বর্তমানে বহুল আলোচিত জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী জ্বালানি সচিব হিসেবে কর্মরত ছিলেন। জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে আমিই সর্বপ্রথম মাত্র ৬ শতাংশ রয়্যালটি এবং অবাধ রফতানির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করি। কেবল তাই নয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এশিয়া এনার্জির সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি সম্পাদনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করি। এশিয়া এনার্জি এবং তার আগে বিএইচপির সঙ্গে সরকারের ফুলবাড়ী কয়লাখনি সংক্রান্ত চুক্তি সম্পাদনের কোনো পর্যায়ে আমি কখনও যুক্ত ছিলাম না। এশিয়া এনার্জির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিতে কোনো দুর্নীতি হয়ে থাকলে তার সব দায়-দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জ্বালানি মন্ত্রণালয়ের চুক্তিকালীন মন্ত্রী-সচিবদের ওপর সন্দেহাতীতভাবে বর্তায়। সেই তদন্ত করার সাহস বর্তমান প্রধানমন্ত্রীর আছে কিনা, সেটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
কেবল ফুলবাড়ী কয়লাখনির তদন্তই বা কেন? আমি তো চাই, মাগুরছড়া অগ্নিকাণ্ডে রাষ্ট্রের বিপুল ক্ষতি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি গ্যাস কোম্পানিকে অন্যায়ভাবে যে ছাড় দিয়েছিলেন, তারও তদন্ত হোক। বিনা টেন্ডারে নাইকোকে কেমন করে গ্যাসক্ষেত্র ইজারা দেয়া হয়েছিল, তারও তদন্ত হোক। মাত্র কদিন আগে শেভরনকে বিনা দরপত্রে যে ৩৭০ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে, সেটিরও তদন্ত হওয়া আবশ্যক। এই লেখার মাধ্যমে আমি এসব তদন্তের জন্য দলনিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সেই তদন্তে সব তথ্য-প্রমাণসহ হাজির হওয়ার প্রতিশ্রুতি এখনই দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার জ্বালানি উপদেষ্টার সেখানে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার সত্সাহস আছে তো?
পরবর্তী অভিযোগটি দায়েরের আগে সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষ শক্তিসম্পন্ন মাদক সেবন করে নিয়েছিলেন বলেই আমার নিশ্চিত বিশ্বাস। ফিরোজা মাহমুদ আমার স্ত্রী এবং একসময় তার ক্ল্যাসিক মেলামাইন নামে একটি মেলামাইন কারখানা ছিল, এটুকু সত্য। তবে জনতা ব্যাংক থেকে কস্মিনকালে একটি টাকা ঋণও যে সেই মেলামাইন কারখানাটি গ্রহণ করেনি, তার হলফনামা এই লেখার মাধ্যমেই দেশবাসীকে দিলাম। যেহেতু, কোনো ঋণই গ্রহণ করা হয়নি, কাজেই ঋণ পুনঃতফশিলিকরণের প্রশ্নই ওঠে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নীতিনির্ধারকরা হয়তো ভাবছেন এই ক্ষমতা চিরস্থায়ী। ইতিহাস থেকে ফ্যাসিবাদী শাসকরা কোনো শিক্ষাই সচরাচর গ্রহণ করেন না। তবে, আল্লাহ্ চাইলে এসব নির্লজ্জ মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার অপরাধের জবাব একদিন তাদের নিশ্চয়ই দিতে হবে। ভালো কথা, এই মেলামাইন কোম্পানিটি এখন আর আমাদের নেই। দীর্ঘদিন আগে সেটি পুরনো ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন। প্রধানমন্ত্রী জেনে আনন্দিত হবেন, ২০০৭ এবং ২০০৮ সালে তারই আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার সৃষ্ট শত বাধা ও নানাবিধ সমস্যা মোকাবিলা করে স্বল্প সময়ের মধ্যে রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বর্তমানে আর্টিজান সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদকে সরকার সিআইপি নির্বাচিত করেছে।
[সুত্র, আমারদেশ, ০৮/০২/২০১০] |
| |
| http://www.sonarbangladesh.com/articles/MahmudurRahman |
| |
|
| |
|
|
|
|
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন: |
|
|
|
| |
|
| লেখক পরিচিতি |
| |
|
| |
| |
|