আন্দালিব রহমান পার্থ। নবম জাতীয় সংসদের ভোলা-১ আসনের সদস্য। তরুণ এই রাজনীতিবিদ পেশায় আইনের শিক্ষক। জন্ম ১৯৭৪ সালে ঢাকার ধানমণ্ডিতে। ঢাকায় সেন্ট যোসেফ, ল্যাবরেটরি স্কুল হয়ে পড়াশোনা লন্ডনে। ১৯৯৭ সালে বার অ্যাট ল’ করেছেন লন্ডনের লিংকন’স ইন থেকে। দেশে ফিরে চার বছর কাজ করেছেন খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে। রাজনৈতিক পরিবারের সন্তান পার্থ কৈশোরেই মনস্থির করেছিলেন, বড় হয়ে রাজনীতি করবেন। রাজনীতিই তার ভিশন ও মিশন।
সাক্ষাত্কার ফজলুর রহমান
সকালের খবর : কখন স্থির করেছিলেন রাজনীতিবিদ হওয়ার?
পার্থ : ছোটবেলা থেকেই। আমি যখন খুব ছোট তখন থেকেই বাবা (সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর) বলতেন তোমাকে রাজনীতিবিদ হতে হবে। আমি সেভাবে তৈরি হয়েছি। ছেলেবেলায় আমাদের ধানমণ্ডির বাড়িতে অনেক বড় রাজনীতিবিদকে দেখেছি। বাবার সঙ্গে তাদের কথা-বার্তা, ওঠা-বসা লক্ষ করতাম।
সকালের খবর : কারা যেতেন আপনাদের বাড়িতে?
পার্থ : সাবেক পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় আবদুস সামাদ আজাদ, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিম আমার মামা। আমার মায়ের মুখে শুনেছি গ্রেট হিরো বঙ্গবন্ধুর কথা। শেখ ফজলুল হক মণির কথা। এসব শুনতে শুনতে আর দেখতে দেখতে স্থির করেছি রাজনীতিই করব। রাজনীতি করব বলে আর কিছুই করিনি। বাবা বলতেন স্থাবর সম্পদ বেশি থাকলে রাজনীতি করা যায় না। তাই ওদিকে যাইনি।
সকালের খবর : কিন্তু রাজনীতির জন্যও তো টাকার প্রয়োজন হয়।
পার্থ : সত্ রাজনীতির জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। এই রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু টাকা আমার আছে।
সকালের খবর : রাজনীতি করতে গিয়ে এখন পরিবার থেকে কেমন সহায়তা পান?
পার্থ : আমার পুরো পরিবারই রাজনৈতিক। বাবার মৃত্যুর পর মা (শেখ শাহিদা রহমান) ষোলআনা উত্সাহ জোগান। আমার স্ত্রীও (শেখ সায়রা রহমান) রাজনৈতিক পরিবারের মেয়ে। তার বাবা শেখ হেলাল।
সকালের খবর : অনেক যোগ্যতা থাকার পরও আপনি উত্তরাধিকার সূত্রেই বিজেপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নতুন কিছু করা যেত না?
পার্থ : আমি আমার এই উত্তরাধিকারের জন্য গর্ববোধ করি। আমি একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করছি। উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতিতে এসেছি। কিন্তু খেলাটা তো আমাকেই খেলতে হবে। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন সিনিয়র রাজনীতিবিদদের সম্মান করতে। আমরা তার অন্যথা করিনি। পড়াশোনার বিষয়ে কোনো আপস নেই। বাবা-মার এই শিক্ষার উত্তরাধিকার আমরা বহন করছি। আমরা তিন ভাই। মেজো ভাই আশিকুর রহমান লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি করেছে। ছোট ভাই ওয়াসেকুর রহমান অঞ্জন ব্যারিস্টার। আমরা মানুষকে শ্রদ্ধা করা, নিজের অবস্থান সম্পর্কে স্বচ্ছ থাকা আর সততার শিক্ষা পেয়েছি পরিবার থেকেই।
সকালের খবর : রাজনীতিতে আপনার আদর্শ কে?
পার্থ : আমার আইডল বা আদর্শ কেউ নেই। এমনকি আমার বাবাও নন। পৃথিবীতে অনেক মহত্ ব্যক্তি আছেন। তাদের যা কিছু ভালো সেটুকু আমি গ্রহণ করার চেষ্টা করছি। সক্রেটিস থেকে শুরু করে হালের সোনিয়া গান্ধী-তাদের যা কিছু মহত্, মঙ্গলময় সেটুকু নেওয়ার চেষ্টা করি। আর আদর্শ মানুষ যদি কেউ হন একজন মুসলমান হিসেবে তিনি হজরত মুহাম্মদ (স.)।
সকালের খবর : আপনার দল বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন?
পার্থ : খুব ভালো।
সকালের খবর : সব জেলায় কমিটি আছে?
পার্থ : আছে।
সকালের খবর : দলের সর্বশেষ সম্মেলন কবে হয়েছে?
পার্থ : গত বছর।
সকালের খবর : সংসদ, আইনের শিক্ষকতার বাইরে সংগঠন মজবুত এবং বিস্তৃত করতে কতটা তত্পর আপনি?
পার্থ : যতটা পারি সময় দিই। প্রয়োজন হলে দলের কার্যালয়ে যাই। নেতাকর্মীদের সঙ্গে কথা হয়। যোগাযোগ হয়।
সকালের খবর : সংসদে মাত্র একটি আসন আপনার দলের। ক্ষমতায় যেতে এই শক্তি আরও বাড়ানো প্রয়োজন নয় কি?
পার্থ : সত্যি বলতে বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি বেশির ভাগ মানুষের জন্য একটা স্ট্যাটাস হয়ে গেছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। আমাদের আরও সময় দিতে হবে। অন্তত ১০ বছর।
সকালের খবর : ১০ বছর পর আপনার দল সংসদে কতগুলো আসন পাবে?
পার্থ : এটা সময়ই বলে দেবে। গত সংসদে আমাদের চারটি আসন ছিল। এবার একটি। রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য একটু সময় দরকার। আমি জাতীয় সংসদে মাত্র ১৪ মিনিটের একটি বক্তব্য দিয়েছি। এটা সারা দেশের তরুণ সমাজ আগ্রহভরে গ্রহণ করেছে। এটাকে তারা নিজেদের কথা বলে বুকে ধারণ করেছে। শুধু তরুণ নয়, রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাকে সাহস দিয়েছেন। এখন গুগলে ‘বেস্ট স্পিস অব বাংলাদেশ’ টাইপ করে সার্চ দিলে আন্দালিব রহমানের বক্তব্য সবার আগে। আমি শেয়ারবাজারের ক্রমাগত অন্ধকার যাত্রায় ক্ষতিগ্রস্ত ৩০ লাখ মানুষের বেদনার কথা বলেছি। বলেছি ড. মুহাম্মদ ইউনূস শুধু আমার দেশের সম্পদ নন, তিনি বিশ্ব সম্পদ। বলেছি এক ‘হাওয়া ভবনের’ দোহাই দিয়ে অনেক রাজনীতি হচ্ছে। অথচ এখন ‘মুশকিল-আসান’ নামে শত শত এজেন্সির জন্ম হয়েছে।
সকালের খবর : একটু খোলাসা করে বলবেন মুশকিল-আসান এজেন্সি কারা খুলেছেন?
পার্থ : আমি কারও নাম বলতে চাই না। এটা দেশের মানুষ জানে কোথায় তদবির করলে, কার মুরিদ হলে, কোথায় টাকা দিলে সমস্যার সমাধান হয়!
সকালের খবর : সরকারদলীয় আলোচিত সংসদ সদস্য গোলাম মওলা রনির সঙ্গে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে?
পার্থ : এটা ডাহা মিথ্যা। আমি তাকে ভালো করে চিনি না। তাকে সংসদে দেখি। তার নাম জানি। আমি শিক্ষকতা ছাড়া আর কিছুই করি না।
সকালের খবর : পারিবারিকভাবে মা এবং স্ত্রীর দিক থেকে আপনারা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজে করছেন অন্য ধারার রাজনীতি? সংসারে এ নিয়ে বিরোধ হয় না?
পার্থ : আমি আমার জায়গায় অত্যন্ত স্বচ্ছ। আমি আমার রাজনীতি করি। এ নিয়ে বিরোধের কিছু নেই। আমি যদি রাজনীতির নামে অন্যায় করতাম, দুর্নীতি করতাম, ঘুষ খেতাম তাহলে বিরোধ হতো। দলীয় অবস্থান নিয়ে যুক্তিতর্ক হতেই পারে। বিরোধের কিছু নেই। আমি, আমার দল অন্যদের মতো গণতন্ত্রের জন্যই রাজনীতি করছি।
সকালের খবর : স্ত্রী আপনার রাজনীতিকে কীভাবে দেখেন?
পার্থ : রাজনৈতিক পরিবারের মেয়ে হিসেবে সেও ছোটবেলা থেকে এসব দেখে-শুনে অভ্যস্ত। আমাকে সব সময় উত্সাহ দেয়। তবে মাঝে মাঝে অনেক কিছু বারণ করে। সাবধান হতেও বলে। সংসদে বক্তৃতা দেওয়ার পর বিষয়টি বেশ উপভোগও করছে এখন। ওকে নিয়ে কোথাও গেলে অনেকে এগিয়ে এসে বলে আপনি আমাদের মনের কথা বলেছেন। অনেকে আমাদের সঙ্গে ছবি তুলতে চায়। বিষয়টিতে আমার মেয়েও (মাহাম সানজিদা রহমান) বেশ আনন্দ পাচ্ছে। ওর স্কুলের বন্ধুদের প্রশংসায় ও খুশি। এর বাইরে অনেক সিনিয়র রাজনীতিবিদ, আমাদের চার দলের অনেক নেতা বলছেন, পার্থ ভালো বলে। এটা দিনে দিনে বিস্তৃত হচ্ছে। তরুণরা উত্সাহিত হচ্ছে।
সকালের খবর : আপনার এই বক্তৃতা, চিন্তা তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ নিয়েছেন কি?
পার্থ : না, ওভাবে নেওয়া হয়নি। নিতেও চাই না। আমি আরও সময় নিতে চাই। আমি মনে করি মিডিয়া গণতন্ত্রের জন্য এখন অনেক শক্তিশালী। আমার কথা, বক্তৃতা, চিন্তা, মিডিয়ার মাধ্যমে তরুণদের কাছে, গোটা দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে। এর ফল পেতে একটু সময় লাগবে।
সকালের খবর : মোটা দাগে বর্তমান মহাজোট সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরুন।
পার্থ : আমার মনে হয় এ সরকার প্রথম থেকেই দেশ চালাতে চায়নি। তারা উপদেষ্টা দিয়ে দেশ চালিয়েছে। উপদেষ্টাদের ক্যাবিনেট সভায় ঢুকিয়ে শপথ ভঙ্গ করেছে। রাজনীতিবিদদের বদলে ব্যবসায়ী দিয়ে দেশ চালাতে চেয়েছে সরকার। দেখে-শুনে মনে হয় এরা দুর্নীতির জন্য বসে ছিল।
সকালের খবর : সরকার কি মেয়াদ পূর্ণ করতে পারবে?
পার্থ : আমরা চাই তারা মেয়াদ পূর্ণ করুক। তবে মনে হয় না সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে।
সকালের খবর : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী পক্ষ এখন মুখোমুখি।
পার্থ : তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। চারদলীয় জোটের প্রধান শরিক বিএনপি নির্বাচনে গেলেও বিজেপি যাবে না।
সকালের খবর : তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষ অনিবার্য?
পার্থ : সরকার এ অবস্থা থেকে বেরিয়ে না এলে তেমন আশঙ্কাই বেশি। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, গণতন্ত্র রক্ষায়, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সকালের খবর : রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলে তৃতীয় শক্তি নিকট অতীতে ক্ষমতায় এসেছে। তারাও ব্যর্থ হয়েছে।
পার্থ : তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা রাজনীতির গুণগত পরিবর্তন চায়নি। নিজেরাই রাজনীতি করতে চেয়েছে। মনে রাখা প্রয়োজন, রাজনীতি রাজনীতিবিদদেরই করতে হবে। গাধা দিয়ে ঘোড়ার রেস করালে গাধা গন্তব্যে পৌঁছুতে পারবে না। রাজনীতি করতে গিয়ে আমি একটা কথা স্মরণ রাখি-রাজনীতি করার সময় এমন গালি দিয়ো না, যাতে বন্ধুত্ব করতে লজ্জা লাগে।
সকালের খবর : তরুণ রাজনীতিবিদ হিসেবে আগামীর রাজনীতিবিদদের সম্পর্কে আপনার বক্তব্য কী?
পার্থ : রাজনীতিকে ঘৃণা করে দূরে সরে থাকলে চলবে না। মনে রাখতে হবে এই দেশ আমাদের। দেশকে ঠিক করা, এগিয়ে নেওয়ার দায়িত্বও আমাদের। বাইরে থেকে এসে কেউ আমাদের ওপরে নিয়ে যাবে না। আর সবকিছুর বাইরে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলার এখনই সময়। সত্, গুণী আর মেধাবী তরুণরা রাজনীতিতে যত বেশি সম্পৃক্ত হবে জঞ্জাল তত দ্রুত বিদায় হবে।
[সূত্রঃ সকালের খবর, ১৯/১১/১১]
মোহাম্মদপুর, ঢাকা থেকে কাজী সোলায়মান পাটোয়ারী লিখেছেন,
১৯ নভেম্বর ২০১১; সকাল ১০:২৩
পার্থ ভাইয়ের কথায় নেই কোন সার্থ,
উনারমতো তরুন প্রজন্মই দেশের কাম্য।
71901
২
Pacific Island থেকে Abu Mazhar Bowal লিখেছেন,
১৯ নভেম্বর ২০১১; বিকেল ০৪:২২
I have listened your speech few times & was excited to see a such young, honest, patriotic politician. Praying to Allah for your success so that you can lead a new generation to rescue our motherland from the internal & external vultures. Please write more for your readers & get more involved to stimulate our new generation for patriotism & honesty though the media. You will be definitely a role model for them.
71913
৩
Riyadh থেকে Abdul Aziz Mir লিখেছেন,
১৯ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৬:২১
Excellent & Wonderful interview.
But we need, he should write his own articles for Sonarbangladesh, about the politics and if possible about the expatriates Bangladeshi, particularly provashe in Saudi Arabia and their problems and to be a spokesman, on behalf of expatriates Bangladeshi all over the world.
As a young & energetic leader, we can expect that social services from you.
I wish you all the best.
71918
৪
uk থেকে mansoor লিখেছেন,
২০ নভেম্বর ২০১১; বিকেল ০৫:৫৮
I appreciate Mr.Perth's reply, he is genius no doubt. He ignited the hope of light in us who are tired to see selfish, greedy, proudly, revengeful and half educated politician in our country. I would appeal him to select some genius young for the country's work who loves country.
71988
৫
কক্সবাজার থেকে মীর আহমদ ফরিদ লিখেছেন,
০৪ ফেব্রুয়ারি ২০১২; রাত ১০:৪২
হে আল্লাহ! তুমি আন্দালিব রহমান পার্থকে দীর্ঘজীবি কর। তাঁকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখো। তাঁর শক্তি, সাহস, মেধা ও জ্ঞান আরো বাড়িয়ে দাও। তাঁকে দিয়ে এই দূর্ভাগা দেশের হতভাগ্য লোকগুলির দূঃখ-দূর্দশা গুলো মিটিয়ে দাও। এই দেশে তাঁর মত তরুণ রাজনীতিবিদ আরো বেশী করে তৈরী করে দাও। এই দেশকে তুমি হায়েনাদের হাত থেকে বাঁচাও।
77890
৬
kuwait থেকে hussain লিখেছেন,
০৫ ফেব্রুয়ারি ২০১২; সকাল ১০:৪২
পার্থ সাহেব আপনার কথা শুনি ভিবিন্ন টক শো গুলিতে খুব ভালো লাগে . কিন্ত একটা প্রশ্ন আপনার মার্কা ধানের সিস কেন ? আপনার কি নিজের পরিচয় নাই? যেখানে আপনার দলের সাথে রাজনীতি করিয়া জামাতের নিজের প্রতিক তাখিতে পারে আপনার না থাকা কি ????. আর বাবা আপনার আদর্শ নয়. ধারনাটা অতি স্মার্টনেস প্রমান করার জন্য নয় কি? কথাটা একট বেখ্প্পা লাগেনা. ? আরবে একটা সিস্টেম প্রচলিত আছে . আপনার অসুখ হইলেও কেহ যদি জিজ্ঞাসা করে . কাইফা হালুকা উত্তর অবস্যই আলহামদুলিল্লাহ হইতে হই. আর আমাদের সমাজে উও ভালো হৌক মান্দ হৌক যাহাই বলিনা কেন নিজের মাতা পিতাকে সম্মান দিয়া বলাটাই কার্তেসী যেটা আপনি দেখেতে পারেন নাই. এইটাই আপনার দুর্ভাগ্য আর সন্তান হিসাবে আপনার অতি শিক্ষার বিফলতা . আপনাকে ধন্যবাদ. .
77911
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
উনারমতো তরুন প্রজন্মই দেশের কাম্য।