রাবি প্রেসক্লাবের ২৫ বছর পূর্তিঃ জয় হোক কলম সৈনিকদের
মো. রাকিব উদ্দিন
১৯৮৬ থেকে ২০১১। দীর্ঘ ২৫ বছর। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের জন্য গৌরব আর ঐতিহ্যের এ ২৫ বছর। সুদীর্ঘ এ কালে নানা ঘাত প্রতিঘাত, শোষকের কালো থাবা, চোখ রাঙানি, ছিল পাহাড় সমান বাঁধা। প্রশ্নাতীত অর্জন আর সামনে পথ চলার আকাঙ্খা ছিল তীব্রতর। স্বপ্ন ছিল আকাশ ছোয়া। সে স্বপ্ন এখনো আছে। দানবের কালো থাবায় বিপর্যস্ত নহে; নহে লালসা, মোহ; দূর্বার গতিতে এগিয়ে যাওয়া আজও অব্যাহত।
দিন যায়, দিন আসে। সৃস্টি হয় ইতিহাস। কিছু ঘটনা হয় সেই ইতিহাসের সাক্ষী। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব একটি জীবন্ত ইতিহাস। এ ইতিহাসের পাতায় সামান্য যে ঠাঁই, সেটুকুই বা কম কিসের।
ভালবাসার সমস্ত সত্ত্বা দিয়ে আগলে রাখা এ প্রতিষ্ঠানকে ঘিরে যে অনুভূতি, তাকে কোনভাবেই খাটো করে দেখা যাবে না। দুষ্ট হায়েনাদের অন্ধত্বের মোচন হবে নতুবা তীব্র স্রোতে ভেসে যাবে বাঁধ, লন্ড ভন্ড হয়ে যাবে শয়তানী প্রেতাত্মার অবয়ব - সে প্রত্যাশা রজত জয়ন্তীর এ বেলায়।
শীতের তীব্রতা উপেক্ষা করে দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রেসক্লাবের ‘টমি মিয়া’র পাকা হাতের খিচুড়ি খানা - এসব এখনো স্মৃতিপটে ভেসে ওঠে।
প্রায়শঃই স্বপ্নে দেখি প্রিয় মতিহারকে। পদভারে মুখরিত প্রাঙ্গনে ফিরে যাওয়া বার বার। কেন জানি এক অজানা আতংক সবখানে। আলোকিত ক্যাম্পাসে যেন আধারের বসবাস। হিংস্রতা ছেয়ে আছে সীমানা জুড়ে। অস্ত্রের ঝনঝনানি, দখল আর বে ধখলের খেলায় মাতামাতি। গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র। ক্ষমতা আমার, সে মতে সবই আমার। ক্ষমতাই আইন, বাইরে কিছু নেই। এভাবে চলছে তো চলছেই।
জমে উঠেছে কন্ঠরোধের খেলা। কলম সৈনিকরা আজ ঘর ছাড়া। সিল করা ঘরে কেবলই দৃষ্টি ফেরানো। ব্যর্থতা ঢাকতে বেহায়ার মত নগ্নতা এখন চোখে পড়ার মত। চোখ বুজলেই সব অন্ধকার নয়; অন্যদের দৃষ্টি জ্বলন্ত। সেসব দৃষ্টি জাগরুক। এই পৃথিবী সবার জন্য। বলে রাখা ভাল, পাগলামির ইতি ঘটিয়ে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনা জরুরী।
এই তো সেদিনের কথা। ২৫ মার্চ ২০০৮ সাল। দীর্ঘ সাত বছর তিন মাসের ক্যাম্পাস জীবন শেষে রাজশাহী ছেড়ে আসি। তবে মনে-প্রানে-স্বপনে আছি সর্বদা। অন্তর জুড়ে এখনো সেই প্রেসক্লাব। বিশ্ববিদ্যালয় জীবনের একটাই স্মৃতি-প্রেসক্লাব।
বিভক্তি নয়, নয় অভিমান। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সৃষ্টি হোক ইস্পাত কঠিন ঐক্য। আলোকিত, সুবাসিত হোক ‘আমার ক্লাব’; সুগন্ধি ছড়িয়ে যাক সবখানে; বার বার আসিব ফিরে, গাহিব জীবনের জয়গান-জয় হোক কলম সৈনিকদের।