আমি বস্তির ঐ নোংরা, দুর্গন্ধময়
এবং আবর্জনাপূর্ণ স্থানে দাঁড়িয়ে,
সমস্ত মানবতার জৌলুস-আভিজাত্যকে
তীব্র ধিক্কার জানাই।
ডাস্টবিনে যখন মানুষ আর কুকুরে
খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি,
যখন রেলওয়ে স্টেশন, ফুটপাথে
মাথায় ইট আর গায়ে ছেঁড়া চাদর দিয়ে
বাস্তুহীন আবালবৃদ্ধবনিতা ঘুমিয়ে পড়ে।
সমস্ত মানবতার জৌলুস-আভিজাত্যকে
তীব্র ধিক্কার জানাই।
পৃথিবীর তথাকথিত নেতাদের মুখে যখন
মানবতার সস্তা বুলি শুনি,
আর পরে উল্টা চিত্র দেখি,
তখন আমি তাদের বিরুদ্ধে
ঘৃণার মহাকাব্য বুনি।
তৃতীয় বিশ্বের শতকোটি লোক যখন
না খেয়ে অনাহারে দিন কাটায়।
যখন তাদের আহাজারিতে
আকাশ-বাতাস প্রকম্পিত হয়,
গুণা যায় শরীরের সবক’টি হাঁড়।
অপরদিকে সভ্য (?) সমাজে চলে
অস্ত্রের প্রতিযোগিতা।
রব উঠে ‘ধর-মার’।
তখন আহত হই। অস্ফুটে বলি-
হায়রে মানবতা!
লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ই-মেইল: mak_dubd@yahoo.com