
গত কয়েকদিন ধরে ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য নানা ভাষায় হুমকি দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়ার প্রতিবাদে কানাডা এবং যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টোন, শিকাগো, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোসহ ৬০টি শহরে গতকাল (শনিবার) একযোগে বিক্ষোভ মিছিল হয়। আর কানাডার কালগারি ও ভাঙ্কুভার শহরে হয়েছে যুদ্ধবিরোধী সমাবেশ।
প্রায় ৬০টি শান্তিকামী ও মানবাধিকার সংগঠন এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভকারীরা বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো সামরিক হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং তা পুরো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়বে। এ সময় তারা ইরানের ওপর আরোপ করা অবরোধ তুলে নেয়ারও দাবি জানান। বিক্ষোভকারীরা বলেছেন, তেহরানের বিরুদ্ধে আরোপ করা অবরোধ যুদ্ধেরই শামিল।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন হোয়াইট হাউজের সামনে বহু বিক্ষোভকারী 'যুদ্ধ নয়, শান্তি চায়' বলে শ্লোগান দেন। নিউ ইয়র্কে কয়েকশ' মানুষ ম্যানহাটান এলাকা থেকে মিছিল নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যান। এ ছাড়া, লস অ্যাঞ্জেলেস শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা গুয়ান্তানামো কারাগারের বন্দীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ এবং তাদের মুক্তির দাবিতে কমলা রঙের পোষাক পরে মিছিল করেন। # তথ্যসূত্র